এ কে আজাদসহ চ্যানেল ২৪-এর সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৯-১১-২০২৬ ০৪:৪৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-১১-২০২৬ ০৬:০১:০১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
‘মিথ্যা ও মানহানিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে চ্যানেল ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন লালমনিরহাটের সাময়িক বরখাস্ত হওয়া যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে এ আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, “আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছে।”
মামলার আবেদনে চ্যানেল ২৪-এর ‘সার্চলাইট’ অনুষ্ঠানের সম্পাদক ফয়সাল আলম, নির্বাহী সম্পাদক জহিরুল আলম, হেড অব মাল্টিমিডিয়া রাজিব খান, অ্যাসাইনমেন্ট সম্পাদক মাকসুদ উন নবী, সিনিয়র নিউজ এডিটর তুহিন কাইয়ুম ও রিপোর্টার জাহিদ হোসেনকেও আসামি করার আর্জি জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, গত ৯ অক্টোবর চ্যানেল ২৪-এর নিয়মিত সংবাদ বুলেটিন ও রাত ৯টার ‘সার্চলাইট’ অনুষ্ঠানে আরিফুল ইসলামকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ‘মামলা আছে, নেই বাদী-সাক্ষীর খোঁজ: বিচারককে ঘিরে অনুসন্ধানে চাঞ্চল্য’ শিরোনামের ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
আরিফুল ইসলামের অভিযোগ, প্রতিবেদনে তাঁর বক্তব্য ‘কাটছাঁট করে বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ‘অসত্য ও মানহানিকর’ তথ্য প্রচার করা হয়েছে।
মামলার আবেদনে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর আইন ও বিচার বিভাগ তাঁকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে এবং সাময়িক বরখাস্ত করে। এরপর চ্যানেল ২৪-এ এ বিষয়ে আরেকটি প্রতিবেদন প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, চ্যানেলটির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পরই তাঁকে বরখাস্ত করা হয়েছে।
তবে আরিফুল ইসলামের দাবি, চ্যানেল ২৪-এর প্রতিবেদন প্রচারের সঙ্গে তাঁর সাময়িক বরখাস্তের কোনো সম্পর্ক নেই। শরীয়তপুরের সাবেক জেলা ও দায়রা জজ মো. সোলায়মানের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অসদাচরণ ও অদক্ষতার অভিযোগের তদন্তের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে তাঁর বক্তব্য কীভাবে কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে, তার প্রমাণ হিসেবে মূল বক্তব্যের ভিডিও সংবলিত একটি পেনড্রাইভ আদালতে জমা দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করেছেন আরিফুল ইসলাম।
আবেদনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারিরও অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চ্যানেল ২৪-এর বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সূত্র: বিডি নিউজ
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স