ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমেই হস্তান্তর চান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পলাতক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ সরকার। তিনি একজন সন্ত্রাসী। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
লন্ডনে অবস্থানরত আইনজীবীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার মতো একজন পলাতক আসামিকে আইনি প্রতিনিধিত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু নৈতিক, মরাল বাউন্ডারি থাকা উচিত। শুধু অর্থের পেছনে না ছুটে এথিক্যাল বিষয়গুলো মাথায় রাখা দরকার। তিনি বলেন, এখানে ট্রায়াল চলছে, সাজা হয়ে গেছে। তিনি যেভাবে পালিয়ে গেছেন, সেভাবে ফিরে আসার ইতিহাস নেই। ফিরে আসার বদলে পালিয়ে যাওয়ার ইতিহাস আছে।
প্রতিমন্ত্রী বলেন, ল’ ফার্মগুলো ক্লায়েন্টের পেছনে ছুটছে। কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে। পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। ক্লায়েন্টের দুর্গন্ধযুক্ত টাকার পেছনে না ছুটে বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা এথিকস দেখানো উচিত। না বুঝে বা বুঝে শুনে অনেক সময় শুধু মানি মেকিং প্রসেস চলে। এটা থামানো দরকার।
তিনি বলেন, যুক্তরাজ্যের নাগরিকত্ব, ইমিগ্রেশন, দেশের সিকিউরিটি এবং পাবলিক সেফটির বিষয়গুলো মাথায় রাখতে হবে। যে দেশে তারা আছেন, সে দেশের আইন কীভাবে হাসিনার মতো লোকদের জন্য কাজ করে, তা শেখা উচিত। হাসিনা এই ক্যাটাগরিতে পড়েন না। আমাদের ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, টেররিজম, পাইলট অ্যাকটিভিটিস দিল্লি থেকে বসে ইনিশিয়েট করা হচ্ছে। ইউকেতে অনেক ভালো ল’ আছে এবং এটা রিজনেবলি গুড ল’।
হুমায়ুন কবির বলেন, হাসিনা নরমাল কোনও কমার্শিয়াল ট্রাভেলার নন। তার বিচার হয়ে গেছে, সাজা হয়েছে, আরও কত সাজা পেন্ডিং আছে। এটা ওপেন পাবলিক কোর্টের মতো না, এটা এভিডেন্স বেইসড ওপেন।
পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, কিসের আবেদন? চাইলে লিখতে পারে। আমিও কাল একজন উকিলকে নিয়ে পারি। কিন্তু একজন টেররিস্টের ক্ষেত্রে এতে কিছু আসে যায় না। অবশ্যই রিপ্রেজেন্টেশন দিতে পারে, কিন্তু ক্লায়েন্ট যা রিসিভ করছে, তা দেখলে নিজের লজ্জায় মরে যাবে। নরমাল কিন্তু বেসিক এবং লিগ্যাল পয়েন্ট অব ভিউ, এথিক্যাল পয়েন্ট অব ভিউ, মরাল পয়েন্ট অব ভিউ থেকে বিষয়টি হলো, আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।
হুমায়ুন কবির বলেন, তিনি নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এটা তো নিজের বিষয় না। ক্রিমিনাল আবার টেররিস্ট, আমার পাসপোর্ট দিয়ে আমি আসি, এটা হয় না। তাকে হ্যান্ডওভার চাওয়া হচ্ছে। সে বেড়াতে আসবে না, নানার বাড়ি আসবে না।
সাজা কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাজা কার্যকর হবে। যে দেশ থেকে সে দেশে আসতে চায়, সে আসলে তো প্রসিকিউশন টিম বলবে, ইন্ডিয়াকে গিয়ে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার করেন। আমি এত হত্যা করেছি, আমি সাজা রেডি, আমাকে গিয়ে এক্সিকিউট করেন, সে কি এটা বলবে? সে বলবে না। এগুলো হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেররিস্ট।
তিনি বলেন, হাসিনা বা হাসিনার পরিবার বলেন, আওয়ামী লীগের লুটেরা বলেন, প্রত্যেকটাই তো পলাতক। যেটাই দেখবেন কথা বলে, প্রত্যেকটাই পলাতক। প্রত্যেকটাই দেশের সম্পদ লুট করেছে বিভিন্নভাবে। প্রত্যেকটাই জায়গা দখল, বাড়ি দখল, কিলিংয়ের সঙ্গে জড়িত। এগুলোর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে। ওয়ার্ল্ডওয়াইড যারা এথিক্যাল মানুষ, তারাও এদের ঘৃণা করেন।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে সবদিকে পালিয়ে গিয়ে এ সম্বন্ধে রাষ্ট্রীয় সময় এত নষ্ট করার দরকার নেই। অলরেডি রায় হয়ে গেছে। এক কেসে হয়েছে, আরও কত কেস বাকি আছে। কার্যকরের বিষয়ের জন্য তো তাকে বাংলাদেশে দরকার। আর এর জন্যই তো এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
ই–মেইল পেয়েছে হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা: রয়টার্স