ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১১:২৯:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১১:২৯:৪৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১ ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করইতলা গ্রামের নাদু মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ওই বাড়ির আব্দুল খালেক ভুলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জায়গাজমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির কয়েকজনের সঙ্গে মোনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে গেলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোনা ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই বাড়ির আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেমের নাম জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের স্বজন মো. সোহেল জানান, নিজস্ব জমিতে বাউন্ডারি ভাঙতে এলে বাধা দেন শহীদুল ইসলাম। এ সময় তাকে ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করা হয়। পরে শহীদুলকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ