ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে: কাজে ফিরেছেন শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-১১-২০২৬ ১১:১০:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-১১-২০২৬ ১১:৪৭:০৬ পূর্বাহ্ন
শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে: কাজে ফিরেছেন শ্রমিকরা ছবি : সংগৃহীত
টানা কয়েক দিনের উত্তেজনা, সংঘর্ষ ও শ্রমিক অসন্তোষের পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুর শিল্পাঞ্চল। মজুরি বোর্ডের বেতন বাড়ানোর সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতির ঘোষণার পর কাজে ফিরেছেন শ্রমিকরা। এতে সচল হয়েছে কলকারখানা, পুরোদমে শুরু হয়েছে উৎপাদন।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার কারখানায় নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা, বাংলাবাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন কারখানায় শ্রমিকদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকারের গঠিত মজুরি বোর্ডের বেতন বাড়ানোর আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলন থেকে সরে এসে কাজে যোগ দিয়েছেন তাঁরা।

ঘোষণা অনুযায়ী, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারি মাস থেকে বর্ধিত বেতন পাবেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের সদস্যরা মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে রোববারও শিল্পাঞ্চলে ১২ প্লাটুন, এসআরবি ৮ প্লাটুন এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কসহ বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করবেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ