ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ বললেন হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:৫৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:৫৩:৫২ অপরাহ্ন
​বিএনপিকে ‘ব্যর্থ আওয়ামী লীগ’ বললেন হাসনাত আবদুল্লাহ ​ছবি: সংগৃহীত
বিএনপি সব বিপ্লবের সুফল ভোগ করে আওয়ামী লীগের মতো হয়ে উঠতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, ‘বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে। এ অবস্থানে স্ববিরোধিতা করছে তারা। চব্বিশকে এককভাবে নিজেদের করে নিতে না পারার কারণে তাদের এই হীনমন্যতা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে দলটির পুনর্বাসনের বিষয়ে কথা বলছে। বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়। আসলে বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ আর আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ।’

এনসিপির এই সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন, বর্তমান প্রজন্মকে একটি কল্যাণরাষ্ট্র উপহার দিতে না পারলে কেউই ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না।

তিনি বলেন, ‘চব্বিশের মধ্য দিয়ে যে রাষ্ট্র মেরামতের যাত্রা শুরু হয়েছিল, বিএনপি সরকার তা নষ্ট করেছে। বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ি, তার চালক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা চেয়েছিলাম ঠিক করার পর তাকে গাড়িতে ওঠাতে। কিন্তু বিএনপি ঢোল বাজিয়ে তাকে গাড়িতে তুলে দিয়েছে বলেই তিনি চালাতে পারছেন না।’

ভবিষ্যতে প্রশ্নের মুখোমুখি হতে চান না জানিয়ে হাসনাত আরও বলেন, ‘বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই, অর্থনীতিতে বিনিয়োগ নেই। আমরা চাই সমন্বিত উদ্যোগের মাধ্যমে যেন ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়াই।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ