ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক, লালপতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৪:০৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৪:০৫:৫৭ অপরাহ্ন
টাঙ্গাইলে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাক, লালপতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রাকের সামনের চাকার এক্সেল ভেঙে রেলক্রসিংয়ে থেমে যায় বালুবাহী ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উঠিয়ে ট্রেন থামায় সল্লা রেলওয়ের গেটম্যান। 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডের রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পারাপারের একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইনে ওঠার সময় সামনের চাকার এক্সেল ভেঙে ট্রাকটি রেললাইনে আটকে যায়। 

একই সময় উত্তরবঙ্গ থেকে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। দ্রুত সামনে গিয়ে লাল পতাকা উঠিয়ে ট্রেনটি থামানো হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষায় পায় ট্রেনের হাজারো যাত্রী।  

এ সময় অন্য একটি ট্রাক দিয়ে টেনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন ট্রাকের চালক। পরে মাটি কাটার ভেকু (ব্যাকহো) মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানোর পর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

এই দুর্ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলেও জানান গেটম্যান মিজান ।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ