দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-১১-২০২৬ ১১:০৫:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-১১-২০২৬ ১১:০৫:৫১ পূর্বাহ্ন
ফাইল ছবি
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে কি না এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
জামায়াত আমির বলেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?
তিনি আরও বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনও ব্যবস্থা দেশে আছে?
বিরোধীদলীয় নেতা বলেন, অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স