শীতে ছয়টি শৈত্যপ্রবাহের শঙ্কা, তীব্র হতে পারে তিনটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-১১-২০২৬ ০৩:৩৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-১১-২০২৬ ০৩:৩৯:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দেশে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। কার্তিক মাসের শুরু থেকেই বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। শেষরাতে গ্রামাঞ্চলে ঠান্ডার পাশাপাশি নদী অববাহিকায় দেখা দিচ্ছে মাঝারি থেকে ঘন কুয়াশা। এরই মধ্যে আগামী তিন মাসে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র রূপ নিতে পারে।
বুধবার (০৪ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার এমন চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসে দেশে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ সময়ে ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, পুরো সময়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে।
এদিকে আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে এসব লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে। ফলে শীতের অনুভূতি বাড়বে। শৈত্যপ্রবাহের সময় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স