হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় পাশে থাকবে ইরান: রাষ্ট্রদূত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-১১-২০২৬ ০৭:৪৭:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-১১-২০২৬ ০৭:৫০:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ পারাপারে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ইরান। আগাম সমন্বয়ের মাধ্যমে এসব জাহাজকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।
বুধবার (০৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।
সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে মুসলিম ভাই-বোন হিসেবে উল্লেখ করেন। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি।
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে জলিল রহিমি জাহানাবাদী বলেন, আত্মরক্ষার প্রয়োজনে ইরান নতুন ড্রোন তৈরি করেছে। যেকোনো আক্রমণ প্রতিহত করতেও দেশটি প্রস্তুত। তবে হাফিজ ও শেখ সাদির মতো কবিদের দেশের মানুষ হিসেবে ইরান যুদ্ধের পরিবর্তে শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাস করে।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য, আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরান কখনো কোনো আরব দেশে আক্রমণ করবে না।
পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন তিনি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এ দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবেরও আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার কারণে ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।
শিয়া-সুন্নি বিভাজনের বিষয়টি নাকচ করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ইরান সমর্থন নির্ধারণ করে না। হামাস সুন্নি সম্প্রদায়ের হলেও দেশটি তাদের সমর্থন করছে। এমনকি মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে তাদেরও সমর্থন দিতে প্রস্তুত ইরান।
লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে চাপ এবং পণ্যের মূল্যবৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন ইরানি রাষ্ট্রদূত।
তিনি বলেন, চলমান সংকটের মধ্যেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ পারাপারে ইরান সব ধরনের সহযোগিতা দেবে। তবে এ জন্য আগাম সমন্বয় করতে হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স