ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইকবাল সোবহান চৌধুরী আটক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:৫২:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৪:২২:৪৩ অপরাহ্ন
ইকবাল সোবহান চৌধুরী আটক ​ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। 

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন  জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ডিবি পুলিশ তাকে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি নিউজের চেয়ারম্যান এবং দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। একই সময়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য রাজীব ঘোষকেও গোয়েন্দা পুলিশ পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তিনি জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ