ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-১১-২০২৬ ১২:২৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৬ ১২:২৯:১১ অপরাহ্ন
​পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ ​ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বুধবার (০৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও ইট-পাটকেল ছুড়লে কাঠেরপুলসহ আশপাশের এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

এর আগে, মঙ্গলবার (০৩ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশ সদস্যরা মানবশৃঙ্খল তৈরি করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে সেই বাধা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন। ফলে ওই দিনও যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ