ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের বৃত্তির আবেদন শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:৪০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:৪০:৫৭ অপরাহ্ন
আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশিদের বৃত্তির আবেদন শুরু ফাইল ছবি
মিসরের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার আল-শরিফের বিভিন্ন ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু হয়েছে। এ বছর ২৪টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এর মধ্যে ১৮টি আন্ডারগ্র্যাজুয়েট এবং ৬টি মাস্টার্স পর্যায়ের বৃত্তি রয়েছে।

সোমবার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের মিসরের ঢাকাস্থ দূতাবাসের দেওয়া নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীদের আরবি ভাষায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের জন্য সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, মায়ের নাম ও জাতীয়তাসহ জন্মনিবন্ধন সনদ, ছয় কপি সাম্প্রতিক ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, শারীরিক ও মানসিক সুস্থতার মেডিক্যাল সার্টিফিকেট এবং পিসিআর নেগেটিভ সনদপত্র জমা দিতে হবে। এসব কাগজপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে। 

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে (http://202.4.112.150:3030/) আগামী ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণকৃত আবেদনপত্র, শিক্ষাগত সনদ ও মার্কশিট, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, আরবি ভাষায় দক্ষতার সনদ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

এসব কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে। হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬ বিকেল ৩টা ৩০ মিনিট।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচনা করা হবে না।

পাশাপাশি অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় হার্ডকপি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া অন্য কোনো সরকারি বৃত্তির জন্য ইতোমধ্যে মনোনীত শিক্ষার্থীদের এ বৃত্তিতে আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

অনলাইন আবেদনসংক্রান্ত কারিগরি সমস্যায় সহায়তার জন্য ব্যানবেইসের সহকারী প্রোগ্রামার মঞ্জুর-ই-মোর্শেদের সঙ্গে ০১৭৪৬-৪৩৪০৩৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ