ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ

অব্যবহৃত ছাদ ব্যবহার করে ৩৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০১:০৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০১:০৩:৩৯ অপরাহ্ন
অব্যবহৃত ছাদ ব্যবহার করে ৩৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব ​ফাইল ছবি
বিগত সময়ে ভূরাজনীতি ও ভুলনীতির কারণে সম্ভাবনা থাকা সত্বেও দেশে সৌর বিদ্যুতের প্রসার হয়নি বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ। মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করতে আজ থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সোলার এক্সপো। এদিন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বুধবারও চলবে এই মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেছেন, বর্তমান সরকার সৌরবিদ্যুতের প্রসারে খুবই আন্তরিক। সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানি শুল্ক ৬২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে নামানো হয়েছে। অগ্রীম আয়কর ও ভ্যাট বাতিল করা হয়েছে। এমন আরও নানান উদ্যোগ নেওয়া হয়েছে সৌর বিদ্যুতে উৎসাহিত করতে।

যার যার অবস্থান থেকে সৌরবিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সচিব বলেন, সারা দেশে যেসব অব্যবহৃত ছাদ আছে তার অর্ধেক ব্যাবহার করা গেলেও অন্তত ৩৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। 

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের লক্ষ্য।

প্রদর্শনীতে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ