ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১০:৫২:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১০:৫২:৪৩ পূর্বাহ্ন
সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলা হুথির ফাইল ছবি
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে ইরান ও মক্কা প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বৈঠক সত্ত্বেও এ হামলা চালানোর দাবি করল সশস্ত্র গোষ্ঠীটি।

সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে বিরল ওই বৈঠকে আঞ্চলিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত হয়েছিল দুই পক্ষ। বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন। তবে ইতিবাচক কূটনৈতিক তৎপরতার মধ্যেও সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে হুথিরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া রাবিগ তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তরে হামলার দাবি করেছে হুথিরা।

তবে হুথিদের এসব দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। সূত্র: আল জাজিরা

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ