ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
​পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত: ক্রীড়া প্রতিমন্ত্রী ​ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। তবে জাতীয় যুবদিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আগামী ১ নভেম্বর জাতীয় যুবদিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় যুবমেলা আয়োজনের স্থান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার বিষয়ে জানতে চাইলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয় থেকে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিতের বিষয়ে আজ সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই মেলাগুলো স্থগিত করা হয়েছে।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই মাঠে সব মেলা স্থগিত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

জাতীয় যুবমেলা আয়োজন করা হবে কিনা? এ প্রশ্নের জবাবে মো. আমিনুল হক বলেন, আপাতত জাতীয় পর্যায়ের যুবমেলা স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে।

মেলা স্থগিতের কারণ সম্পর্কে তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ওই স্থানে যেসব মেলা হওয়ার কথা ছিল, সেগুলো সবই আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।

আমিনুল হক জানান, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের মধ্যে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ