ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৭:৫৮:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৭:৫৮:৪৩ অপরাহ্ন
বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি ​ছবি: সংগৃহীত
জাতীয় গ্রিডে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণ করে মতামত ও সুপারিশ দিতে বলা হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে পাওয়ার গ্রিড বাংলাদেশ এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), সঞ্চালন-২ সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা ছিল।

বিভ্রাটের পর জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শুরু করে পাওয়ার গ্রিড। দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিড পুনরুদ্ধারের কাজ পুরোপুরি সম্পন্ন হয়। এরপর বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করা হয়।

অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড বাংলাদেশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

জাতীয় গ্রিডের রিস্টোরেশন সম্পন্ন, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ