ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রী ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৩:১০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
​প্রধানমন্ত্রী ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা ​ছবি: সংগৃহীত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগ করতে হবে। একজন মানুষের মৃত্যুর পর তাঁর মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি।

তিনি বলেন, অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাঁদের মরদেহের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল। তবে ওই বিচারগুলোর পক্ষে থাকা ব্যক্তিরাও মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ পছন্দ করেননি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তাঁর বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাঁরা মানুষের প্রশংসা বা সমর্থন পাবেন না।

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদী ও অতি ডানপন্থী উগ্রবাদীদের তৎপরতা এবং টঙ্গীতে এক শিশুকে নির্যাতনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে। টঙ্গীর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনাকে সরকার গুরুত্ব দিচ্ছে না, বিষয়টি এমন নয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকলে এমন প্রবণতা কমে আসবে। রাষ্ট্রের আইন ভঙ্গ করে কেউ এ ধরনের কাজ করতে পারবে না—সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়া হলে এ ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই কমে আসবে। এ প্রবণতা দীর্ঘ সময় ধরে চলবে না।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার তার অবস্থান থেকে সরে আসেনি, ভবিষ্যতেও আসবে না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতেও সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার সময়ও সংশ্লিষ্ট বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছিল। এসব বিষয়কে বাংলাদেশ মেনে নিয়েছে, এমনভাবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ