ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত সময়ে দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে অগ্রগতি হয়নি: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:৩৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৩:৩৮:০১ অপরাহ্ন
বিগত সময়ে দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে অগ্রগতি হয়নি: রাষ্ট্রপতি ছবি : সংগৃহীত
বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য খাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত বিএসসিআরএস কংগ্রেস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে, সেই বিবেচনায় স্বাস্থ্য খাতে অগ্রযাত্রা অনেক ভালো হচ্ছে। তবে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরো কার্যকর ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দিয়েছে।

তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এই খাতে ব্যয় করা প্রতিটি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে জনগণ আরো উন্নত চিকিৎসাসেবা পাবে।

রাষ্ট্রপতি আরো বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

তাই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুর্ভোগের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।

সাধারণ মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতের গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নত চিকিৎসার জন্য যেন মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। বিশেষায়িত চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন।

কোলন ও রেক্টাল সার্জারিসহ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি নতুন প্রজন্মের সার্জন ও চিকিৎসকদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন সার্জন ও চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্য খাত আরো এগিয়ে যাবে এবং জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে।

বিএসসিআরএস কংগ্রেস ২০২৬-এর মতো পেশাগত আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক চিকিৎসাপদ্ধতি, বিশেষায়িত সার্জারির অগ্রগতি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ