ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০২:৩১:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০২:৩১:৩৮ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর ফাইল ছবি
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।

গত ৭ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। যুক্তি উপস্থাপন শেষে এবার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মাহবুব-উল আলম হানিফসহ চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়া, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ