ডেমরা সেতুতে মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৬:২৫:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী তারাবো-ডেমরা সড়কের ডেমরা সেতুতে জরুরি মেরামতকাজ শুরু হচ্ছে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে। টানা দুই দিন এ কাজ চলায় সেতু ও আশপাশের সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ভোগান্তি এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) হাইওয়ে পুলিশের স্টাফ অফিসার টু অ্যাডিশনাল আইজিপি তারিক লতিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর সম্প্রসারণ জোড়া (এক্সপ্যানশন জয়েন্ট) মেরামতের কাজ চলবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ এ মেরামতকাজ বাস্তবায়ন করবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম সেতুর জরুরি মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে সেতু ও সংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। এতে যানজটের পাশাপাশি যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছানোর জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স