মানবপাচার চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০৬:২২:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৬:২৩:১৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে ভুয়া অনলাইন চাকরির বিজ্ঞাপন ও সাইবার স্পেস ব্যবহার করে মানব পাচার ও জালিয়াতির ঘটনায় তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মানবপাচার প্রতিরোধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসুদা মাকসুদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার জাতীয় রেফারেল মেকানিজম (এনআরএম) ও মানবপাচার প্রতিরোধ তহবিল কার্যকরভাবে পরিচালনা করছে। এ-সংক্রান্ত বেসরকারি সংস্থার (এনজিও) কার্যক্রম এবং নতুন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতেও মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার স্পেস ও বিভিন্ন ভুয়া অনলাইন চাকরির প্রস্তাব ব্যবহার করে জালিয়াতি ও মানব পাচারের ঘটনা ঘটছে। এসব চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইন ও জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উইনরকের সমর্থন
উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসুদা মাকসুদি বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
তিনি মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং ২০২৬-২০৩০ মেয়াদের আসন্ন জাতীয় কর্মপরিকল্পনা (এনপিএ) বাস্তবায়নে উইনরক ইন্টারন্যাশনালের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে মানবপাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর দীপ্তা রক্ষিত ও নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স