বাদীকে হুমকির অভিযোগে আরেক মামলা, তিশাকে আদালতে তলব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১০-২০২৬ ০৬:১৫:১২ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১০-২০২৬ ০৬:১৬:৩২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
শাড়ি-কাণ্ডের মামলার বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন সানায়া চৌধুরী।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ আমলে নিয়েছেন। একই সঙ্গে অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে।
মামলার অভিযোগে বলা হয়েছে, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকি দেওয়ার অভিযোগে এর আগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন সানায়া চৌধুরী। তবে ওই মামলার তদন্ত শেষে পুলিশ সম্প্রতি তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।
পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন বাদী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ওই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
এরপর তানজিন তিশা বিভিন্ন লোকের মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছেন এবং বাসায় লোকজন পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন সানায়া চৌধুরী। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স