ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা হয়নি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৪:৩৯:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৪:৩৯:২৭ অপরাহ্ন
​ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা হয়নি: নাহিদ ইসলাম ​ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি। সেই মেশিন পরিবর্তন না করলে সবচেয়ে ভালো ড্রাইভার দিয়েও গাড়ি সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি আরেকজন শেখ হাসিনা হয়ে উঠবেন। তিনি বলেন, শুধু রাষ্ট্র পরিচালনার চালক পরিবর্তন করলে হবে না, পরিবর্তন আনতে হবে পুরো ব্যবস্থায়।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহরের কাচারী রয়েল পার্টি সেন্টারে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন আনা না গেলে পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না বলে জানান এনসিপির আহ্বায়ক। আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে শুধু দলটির নিজস্ব কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলামের দাবি, ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করে এসব তৎপরতা চালাচ্ছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশের পক্ষে কারা অবস্থান নিচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না, এর প্রধান উপদেষ্টা ও পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে।
তিনি বলেন, সর্বদলীয় মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এবং তা বাস্তবায়ন করতে দেবে না।

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি জানান, কর্মসূচির অন্যতম দাবি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

এ ছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, নদী ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তারা। এসব সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের কথাও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ