ফের দুই দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-১০-২০২৬ ০৬:১৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-১০-২০২৬ ০৬:২৪:০৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ আগরওয়ালার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ অক্টোবর এ মামলায় দিলীপ আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। সেই রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২০ অক্টোবর চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং অর্থ পাচারের অভিযোগে করা একটি মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানার আব্দুল জব্বার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিভিন্ন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স