ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৩:৪৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৫:৫০:১৪ অপরাহ্ন
​জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল উপহার ছবি : সংগৃহীত
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মাঝে গোলাপি রঙের বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। জন্মদিনে কেক কাটা বা গতানুগতিক আনুষ্ঠানিকতার পরিবর্তে ছাত্রীদের যাতায়াত সহজ করা, নারীশিক্ষার প্রসার ঘটানো এবং পড়াশোনায় তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই বাইসাইকেলগুলো পাওয়ার ফলে দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই দূর হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলেও বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করা হয়েছে। সে সময় দোয়া মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ ও চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছিল। এবার শিক্ষার্থীদের কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিয়া পরিবারের মঙ্গল কামনায় বিগত ২০ বছর ধরে প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। মানুষের পাশে দাঁড়ানোই এই রাজনীতির মূল উদ্দেশ্য।

নারীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আজকের ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার পথ সুগম করতে বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।"

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আক্তার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, মীর ফারিয়া তাবাসসুম, মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ পুরো জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ