ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৩:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৭:৪৩:০২ অপরাহ্ন
​মোটরসাইকেলের নম্বর প্লেট নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা ​ছবি: সংগৃহীত
সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরানো ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনের অংশেও ম্যানুয়াল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাইক মালিকদের নিজ ব্যবস্থাপনায় এই নম্বর প্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রচলিত আইনে মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) সমৃদ্ধ রেট্রো-রিফ্লেকটিভ নম্বর প্লেট ব্যবহারের বিধান থাকলেও সামগ্রিক সুরক্ষার স্বার্থে এবার সামনের দিকেও নম্বর প্লেট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বর প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে। এতে সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর স্পষ্ট কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বর প্লেটে কোনো প্রকার নকশা বা শোভাবর্ধনকারী অলংকরণ ব্যবহার করা যাবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে নম্বর প্লেটের নির্দিষ্ট পরিমাপও উল্লেখ করা হয়েছে। স্কুটার জাতীয় মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বর প্লেটের আকার হতে হবে ২০০ x ১০০ মিলিমিটার। আর অন্যান্য সাধারণ মোটরসাইকেলের জন্য এই পরিমাপ নির্ধারণ করা হয়েছে ২৮৫ x ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষরের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

বিআরটিএ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে এসব শর্ত অনুসরণ করে সামনের নম্বর প্লেট না লাগালে সংশ্লিষ্ট মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ