১৩ নভেম্বর শুরু হচ্ছে নাটোর চিনিকলের আখ মাড়াই, লক্ষ্যমাত্রা ৫৫৮০ টন চিনি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ০১:৪৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ০১:৪৯:৩৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর। এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চিনিকলে বয়লার ফায়ারিং সম্পন্ন হয়েছে। চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে ৫ হাজার ৫৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬৫ দিন আখ মাড়াই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
আখচাষিদের উৎসাহিত করতে গত মৌসুমের তুলনায় এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়েছে সরকার। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫১ টাকা। আর আখ সংগ্রহ কেন্দ্রগুলোতে প্রতি কুইন্টালের দাম ৬৩৭ টাকা ৪৬ পয়সা।
চিনিকল এলাকার ৭ হাজার ২৫০ একর জমিতে এবার আখের আবাদ হয়েছে। এ ছাড়া উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষে উৎসাহ দিতে ৪ হাজার ৬৯ জন আখচাষিকে ১ কোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা প্রণোদনা দিয়েছে সরকার।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, আখ মাড়াই কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে বয়লার ফায়ারিং করা হয়েছে। বয়লারে উৎপন্ন বাষ্পের সাহায্যে পুরো মৌসুমে আখ মাড়াই কার্যক্রম পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরুর আগে ওয়াটার ট্রায়ালও সম্পন্ন করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স