ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:৫২:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:১৫:৩৭ অপরাহ্ন
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ ছবি : সংগৃহীত
চীনের কুনমিংয়ে কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে

চোখের চিকিৎসায় চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু করা হয়েছে। এর আওতায় চীনে যাওয়ার আগেই চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা, হাসপাতালে অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে ফলোআপের সুযোগ পাবেন রোগীরা।

শনিবার (২৪ অক্টোবর) চীনের কুনমিংয়ে কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে (Kunming Huaxia Eye Hospital) এ সেবার উদ্বোধন করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিন তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হাসপাতালটির ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন ব্যবস্থায় বাংলাদেশি রোগীরা চীনে যাওয়ার আগে চিকিৎসাসংক্রান্ত পরামর্শ নিতে এবং প্রয়োজনীয় নথি পর্যালোচনা করাতে পারবেন। হাসপাতালে পৌঁছানোর পর তাদের জন্য থাকবে পৃথক আন্তর্জাতিক ডেস্ক ও অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা। ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে দেওয়া হবে দোভাষী সহায়তা। চিকিৎসা শেষে দেশে ফেরার পরও ফলোআপ সেবা নেওয়ার সুযোগ থাকবে।

সংশ্লিষ্টদের দাবি, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য এ ধরনের বিশেষায়িত সেবাব্যবস্থা প্রথমবারের মতো চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জন তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীর নিরাপত্তা, সেবার স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন।

শাহনাজ রানু বলেন, ‍“বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা, চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং রোগীর মর্যাদা সমুন্নত রাখাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা।” 

তিনি বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের চক্ষু চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়াতে হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ ক্ষেত্রে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলিমেডিসিনের মাধ্যমে পরামর্শ এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশেই উন্নত চক্ষু চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

নতুন এই সেবাব্যবস্থার ফলে চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চিকিৎসার আগে পরামর্শ গ্রহণ থেকে শুরু করে চিকিৎসা-পরবর্তী ফলোআপ পর্যন্ত সমন্বিত সহায়তার সুযোগ তৈরি হলো। পাশাপাশি দুই দেশের চক্ষু চিকিৎসাপ্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় এসেছে।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ