যশোর-বেনাপোল মহাসড়কে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-১০-২০২৬ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৪-১০-২০২৬ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং যশোর শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকার আরিফুল ইসলাম জয় (১৮)। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর মোটরসাইকেলটির দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স