ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত, দায়িত্বে সচিব নজরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:৪৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:০৭:৫৮ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না রাষ্ট্রদূত, দায়িত্বে সচিব নজরুল ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের কূটনৈতিক বিষয়গুলো তদারকি ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দিয়ে টোকিও পাঠানো হয়েছে।

অর্পিত দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও যান সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর চলাকালে টোকিওতে অবস্থান করে তিনিই দ্বিপক্ষীয় বিষয়গুলোর তদারকি ও কূটনৈতিক সহায়তার মূল দায়িত্ব পালন করবেন।

গত ১৫ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে সফর নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানো হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি জাপান থেকে ঢাকায় ফিরেছেন।

প্রধানমন্ত্রীর কোনো দেশ সফরের সময় সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অনুপস্থিত থাকার নজির খুবই কম। সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না। 

দাঊদ আলী ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডার। জাপানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ৭ ডিসেম্বর তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানি প্রধানমন্ত্রী।

দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, অভ্যন্তরীণ বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তির খসড়া নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। সফরে বেশ কিছু সমঝোতা স্মারক সই হতে পারে।

বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য এ সফর সময়োপযোগী সুযোগ তৈরি করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বৃদ্ধি, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ আলোচনা হবে।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ প্রশিক্ষণের বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ