দাম্মামে হামলায় নিহত বেড়ে তিন, একজন ভারতীয়
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১০-২০২৬ ০৪:১৩:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ০৪:৪৩:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন পাওয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় দেশটির একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের (২১ অক্টোবর) এই হামলায় মোট আটজন আহত হয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কাজ চলছে।
বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচলসহ সেখানকার সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এর আগে দিনের শুরুতে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। ওই ঘটনায়ও দুজন নিহত হন।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগে ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, হুতিদের চলমান হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুতিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স