ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটের নগরী ঢাকা এখন ফাঁকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১০-২০২৬ ০২:২৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
যানজটের নগরী ঢাকা  এখন ফাঁকা ছবি : সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির প্রভাবে অনেকটাই ফাঁকা হয়ে গেছে চিরচেনা যানজটের নগরী ঢাকা। গতকাল শেষ হয়েছে পূজার উৎসব। তবে রাজধানীর সড়কে নেই প্রতিদিনের মতো গণপরিবহনের দীর্ঘ সারি। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে এমন তথ্য জানা যায়। 

দেখা যায়, রাজধানীর অন্যতম যানজটের রাস্তা বাড্ডা বা প্রগতি সরণি। এই রাস্তাতেও সকাল থেকে তেমন কোনও যানজট নেই। এছাড়া রামপুরা থেকে মালিবাগ পর্যন্ত রাস্তা অনেকটাই ফাঁকা।

এদিকে পল্টন, গুলিস্থান, প্রেসক্লাব হয়ে ধানমন্ডি কিংবা শাহবাগ হয়ে ফার্মগেট একেবারেই যানজট মুক্ত। যানজট মুক্ত ছিল মিরপুর সড়ক, টেকিনিক্যাল সড়কও।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘পূজার ছুটির কারণে রাস্তায় যানবাহন একেবারেই কম। তেমন কোনও যানজটও নেই রাস্তায়। এখন যারা রাজধানীতে রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যেই বের হতে পারছেন। সময় মতো তাদের গন্তব্যস্থলে যেতে কোনও সমস্যাও হচ্ছে না।’ 

রাজধানীর উত্তরা থেকে ডেমরা হয়ে মদনপুর চলাচলকারী আসমানী পরিবহনের স্টাফ রিপন জানান, ছুটিতে ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অনেকে বাড়িতে চলে গেছেন। ফলে যাত্রী খুবই কম। 

ফার্মগেট ওভারব্রিজে চলাচলকারী পথচারী রবিউল আলম বলেন, ‘ঈদের ছুটিতে এমন ফাঁকা ঢাকা দেখা যায়। এবার পূজার সময়ও দীর্ঘ ছুটির কারণে অনেকে গ্রামে চলে গেছেন। দীর্ঘ ছুটি না হলে ঢাকা শহরে এমন ফাঁকা দৃশ্য দেখা যায় না।’ 

রাজধানীর এই চিত্র কিছুটা অচেনা হলেও ঢাকায় অবস্থান করা বাসিন্দাদের জন্য কয়েক দিনের এই পরিস্থিতি স্বস্তিদায়ক। 

রাজধানীর রামপুরার বাসিন্দা সুমন জানান, রাস্তাতে গাড়ি অনেক কম। এ রকম ছটির দিনে ঢাকায় ঘুরতেও ভালো লাগে। ঢাকায় যে ধরনের যানজট থাকে তাতে অনেক লোক এমন অবস্থায় ঢাকাকে চিনতেই পারবে না। তিনি বলেন, ‘আগামী রবিবার থেকে আবারও যানজট শুরু হবে। ছুটি শেষ হলে লোকজন কাল-পরশুর মধ্যে আবারও চলে আসবে।’ 

নগরবাসীর অনেকে মনে করছেন, ছুটির এই সময়ে কয়েক দিন নির্বিঘ্নে ঢাকায় চলাচল করা যাবে। ছুটি শেষ হলে আবারও চিরচেনারূপে ফিরবে রাজধানী। তবু সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন নগরবাসী। 
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ