চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন চলবে যত দিন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২২-১০-২০২৬ ০২:২২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ০২:২২:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির জন্য নিবন্ধন কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। তবে এই প্রক্রিয়া শুরু হলেও বাংলাদেশিরা এতে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
২০১২ সাল থেকেই ডিভি কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছে বাংলাদেশ। ফলে নতুন এই লটারি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলেও, বাংলাদেশিদের আবেদনের সুযোগ মিলবে কি না—তা পুরোপুরি নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বার্তার ওপর।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে ২০২৭ সালের ডিভি লটারির আবেদন গ্রহণ শুরু করতে হবে। এর আগে আগামী ২৯ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধনের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করতে হবে।
এ খবর বাংলাদেশে প্রচারের পর অনেকেই আবেদনপ্রক্রিয়া ও যোগ্যতার শর্ত জানতে আগ্রহ করছেন। তবে বাংলাদেশিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আসন্ন লটারিতে বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় থাকবে কি না। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বাংলাদেশিদের আবেদনের সুযোগ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে বাংলাদেশ ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে।
২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসন করায় দেশটি তালিকা থেকে বাদ পড়ে।
ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকদের দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেওয়া। এই কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়ার বিধান রয়েছে। বিশ্বে ডিভি লটারি সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামেই বেশি পরিচিত।
অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার তুলনায় ডিভি লটারির প্রধান বৈশিষ্ট্য হলো, এতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির অফার বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয় না।
তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড পাওয়া নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা অর্জন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হয়।
ডিভি লটারিতে আবেদনের জন্য সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হতে পারে।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন পর্যন্ত চালু থাকতে পারে। তবে ২০২৭ সালের ডিভি লটারির চূড়ান্ত সময়সূচি, যোগ্য দেশের তালিকা, আবেদনের শর্ত ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
নতুন ডিভি লটারিতে বাংলাদেশ যোগ্যতার তালিকায় ফিরবে কি না তা নিয়ে আলোচনা চলছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হওয়া পর্যন্ত আবেদন করার সুযোগ নিশ্চিত নয়।
সূত্র : ফোর্বস
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স