ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১০-২০২৬ ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-১০-২০২৬ ১০:৪৭:৪৫ পূর্বাহ্ন
ফাইল ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে নতুন অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ভূগর্ভস্থ এই জ্বালানি অনুসন্ধানের উদ্যোগ সফল হলে ঢাকার শিল্প ও আবাসিক খাতের সংকট নিরসনে নতুন সম্ভাবনা তৈরি হবে।মানচিত্র দেখুন
পেট্রোবাংলার সাম্প্রতিক এক নথির তথ্যানুযায়ী, আগামী অর্থবছরে ‘মানিকগঞ্জ-১’ নামের এই অনুসন্ধান কূপ খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে প্রণয়ন করা হচ্ছে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব)। পাশাপাশি এই অনুসন্ধান কাজের জন্য দুই হাজার হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী রিগ ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। নতুন কেনা রিগটি সরবরাহের পর সেটির কমিশনিং ও প্রাথমিক পরীক্ষণ কার্যক্রম মানিকগঞ্জ কূপেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নতুন রিগ সংগ্রহের মূল্যায়ন শেষ করে ক্রয় প্রস্তাবটি অনুমোদনের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান রিগ হস্তান্তরে ১৩ মাস সময় পাবে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সময়ে রিগ সংগ্রহ ও অন্যান্য দাপ্তরিক প্রস্তুতি দ্রুত শেষ না হলে খনন কার্যক্রমের সময়সূচিতে বিলম্ব ঘটতে পারে।
ঢাকার নিকটবর্তী অঞ্চলে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা এর আগেও দেখা গিয়েছিল। নারায়ণগঞ্জে তেল-গ্যাস অনুসন্ধানের পর গ্যাস পাওয়া গেলেও কূপে পানি প্রবেশের কারণে তখন উত্তোলন সম্ভব হয়নি। বর্তমানে সেখানে ওয়ার্কওভার কার্যক্রম চলছে। বাপেক্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জের ওই কূপ থেকে দৈনিক প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা রয়েছে, যা বিদ্যমান ঘাটতির প্রেক্ষাপটে জাতীয় গ্রিডে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাপেক্স সূত্রে প্রকাশ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এবং পাবনার সুজানগরের মোবারকপুরের ভূতাত্ত্বিক গঠন প্রায় একই ধরনের। ২০১৪ সালে অতিরিক্ত ভূগর্ভস্থ চাপের কারণে মোবারকপুরে খনন স্থগিত হলেও সেখানে নতুন করে কূপ খননের কার্যাদেশ দেওয়া হয়েছে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে ভূতাত্ত্বিক জরিপে প্রাথমিক সম্ভাবনা দেখা গেলেও খনন ও চূড়ান্ত পরীক্ষার ফলাফল ছাড়া গ্যাসের বাণিজ্যিক প্রাপ্যতা নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স