ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:০৭:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:২১:০২ অপরাহ্ন
​যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন ​ছবি: সংগৃহীত
দেশে প্রথম কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ সিস্টেমের মাধ্যমে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার সাহায্যে জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘যশোর বিএনপির কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালুর মধ্য দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোও তাদের সারাদেশের কার্যালয়ে এই সোলার বসানোর আগ্রহ দেখাবে। জেলা বিএনপির এই বিনিয়োগ আগামী সাড়ে তিন বছরের মধ্যে উঠে আসবে।’ 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের পরিকল্পনা রয়েছে, যেসব স্থানে ডিজেল দিয়ে পানির পাম্প চালানো হয় সেখানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে। 

বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে দ্রুত সেচের পাম্পগুলোকে সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা হবে। এতে বিদ্যুৎ ও ডিজেলের ওপর চাপ কমে, সূর্যের তাপ থেকে এসব সেচ পরিচালনা সহজ হবে। এতে কৃষি উৎপাদন খরচ কমে যাবে, কৃষকদের সচ্ছলতা ফিরবে।’ 

আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে জানিয়ে প্রতিমন্ত্রী অমিত বলেন, ‘সারাদেশে সৌরবিদ্যুতের ওপর মানুষের যে আগ্রহ, তাতে আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার। নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি তরুণ উদ্যোক্তা এবং প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশগ্রহণের সুযোগ পাবেন। উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণও দেওয়া হবে। 

একই সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের অভিজ্ঞ কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের প্রযুক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন করতে পারবে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হবে। একক প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথ উদ্যোগের মাধ্যমেও আবেদন ও অংশগ্রহণের সুযোগ থাকবে, যা স্থানীয় ও নতুন উদ্যোক্তাদের অভিজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করবে।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ