ফের চার দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১০-২০২৬ ০৪:২২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১০-২০২৬ ০৪:৫৬:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মানি লন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হত্যাচেষ্টা মামলায় ১০ দিনের রিমান্ড শুনানির জন্য দিলীপ আগারওয়ালাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী আনোয়ার কবীর বাবুলসহ কয়েকজন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন ও হারুন অর রশিদসহ কয়েকজন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ আগারওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স