আইনমন্ত্রী
বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৭:৫৫:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৭:৫৬:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিরোধী দলের সদস্যরা উপস্থিত না থাকলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বন্দিদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না, এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা সঠিক নয়।
সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র না দেখে মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি আরও বলেন, সৌদি সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা ও বৈধতা এবং ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা না করে এ বিষয়ে মন্তব্য করা উচিত হবে না।
এর আগে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স