মধ্যপ্রাচ্যের ১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৬:২৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৬:২৩:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার আশঙ্কায় এসব দেশে আপাতত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট দূতাবাসগুলো।
সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।
সতর্কতা দেওয়া দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।
বিবৃতিতে এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে, ওই অঞ্চলে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এ ক্ষেত্রে ইরান-সমর্থিত হুতি বাহিনীর সৌদি আরবে চালানো হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি ভ্রমণব্যবস্থায়ও গুরুতর বিঘ্ন সৃষ্টি হয়েছে।
মার্কিন কূটনৈতিক মিশনগুলো ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট চলবে, এমনটি ধরে নেওয়া উচিত নয়। যাত্রার আগে বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে হবে।
লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। অন্যদিকে, ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইটসংক্রান্ত তথ্যের জন্য ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া মার্কিন নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’-এ নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নিরাপত্তাবিষয়ক হালনাগাদ তথ্য পাওয়া যায় এবং জরুরি পরিস্থিতিতে কূটনীতিকদের পক্ষে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুসরণ, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, মুঠোফোন সচল ও চার্জ রাখা এবং জনসমাগমের আড়ালে নিরাপদ অবস্থানে থাকার পরামর্শও দিয়েছে মার্কিন দূতাবাসগুলো। পাশাপাশি মার্কিন দূতাবাসের সেবা-সংশ্লিষ্ট স্থানে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স