রাধাগোবিন্দ মন্দিরে প্রধানমন্ত্রী
'সরকার ঐক্য চায়, কিন্তু একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে'
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-১০-২০২৬ ০৩:৫২:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১০-২০২৬ ০৩:৫৩:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বর্তমান সরকার দেশের সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায়, কিন্তু একটি বিশেষ মহল এ নিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো বক্তব্য বা দাবি থাকলে তা জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় সংসদে তুলে ধরা উচিত।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের মহানবমীর শুভেচ্ছা জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হাজার বছর ধরে সব ধর্মের মানুষের সহাবস্থানের একটি দেশ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান–সবক্ষেত্রেই দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছেন। রাজপথের সেই মিলনমেলাই প্রমাণ করে এই দেশ সবার।’
ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত করতে যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলেন, তেমনি কাঙ্ক্ষিত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তেও সব ধর্ম ও মতের মানুষের সহযোগিতা অপরিহার্য।
এ সময় রংপুরের স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, রংপুর মহানগরের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্প্রতি ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা পরিষদ ও স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে রংপুরের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের প্রয়োজন অনুযায়ী ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেবে সরকার।
তবে দেশের জাতীয় ঐক্য বিনষ্টে একটি মহলের অপতৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাইলেও একটি গোষ্ঠী নানা ইস্যুতে বিভ্রান্তি তৈরি করার পাঁয়তারা করছে, যা উন্নয়ন ও শান্তির পথে বড় অন্তরায়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স