দুর্নীতির মামলা
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-১০-২০২৬ ০৩:০৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১০-২০২৬ ০৩:১৪:৪৫ অপরাহ্ন
ফাইল ছবি
দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ইন্টারপোলের পাঠানো ইমেইলে নিশ্চিত করা হয়েছে।
ইন্টারপোলের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনে পাঠানো এক ইমেইলে তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, গত ১৫ অক্টোবর কাতারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তাঁকে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স