ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না : চিফ হুইপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৩:১১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৩:৫৮:৩৪ অপরাহ্ন
রাজনৈতিক পরিচয়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না : চিফ হুইপ ছবি : সংগৃহীত
চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলনকক্ষে আয়োজিত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরগুনার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানি ছাড়াই দ্রুত সরকারি সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরো উল্লেখ করেন, উপকূলীয় এ অঞ্চলের কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামোগত বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের মূল অগ্রাধিকারের অংশ।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে উন্নয়ন কার্যক্রমের আসল সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়।

বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ওলি উল্লাহ, বরগুনার পুলিশ সুপার কুদরাত ই খুদা, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ