ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের উত্তর প্রদেশ

নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০২:৩৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০২:৩৩:৩৫ অপরাহ্ন
নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু ফাইল ছবি
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার একটি গ্রামের বাড়িতে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতের খাবারে নুডলস খাওয়ার পর তাদের মৃত্যু হয় বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, খাদ্যে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ব্যক্তিরা হলেন- ৩৭ বছর বয়সী মহেশ, তার ৩৫ বছর বয়সী স্ত্রী ললিতা এবং তাদের তিন সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলে- একজনের বয়স ১১ বছর, অন্যজনের তিন বছর এবং তাদের মেয়ের বয়স সাত বছর।

নয়ডা পুলিশের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা এবং নিহত দম্পতির মায়ের তথ্য অনুযায়ী, পরিবারটি শুক্রবার রাতে নুডলস খেয়েছিল। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের বাড়িটির সামনে জড়ো হওয়ার দৃশ্য একাধিক ভিডিওতে দেখা গেছে। পুলিশ জানায়, শনিবার সকালে তারা এ ঘটনা সম্পর্কে খবর পায়। এরপর জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যায়।

গ্রেটার নয়ডার সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার বলেন, ‘শুক্রবার রাতে রাতের খাবার খাওয়ার পর তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন এবং বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন বলে মনে হচ্ছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সেভাবেই পড়ে থাকতে দেখি। কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, তা আমরা এখনো তদন্ত করছি এবং পরিবারটির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।’

নয়ডা পুলিশের বিবৃতিতে বলা হয়, একটি তদন্তকারী দল ও ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে এবং মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ