উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫০
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-১০-২০২৬ ০২:৩০:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-১০-২০২৬ ০২:৩০:২৯ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধের চেষ্টা করে পোশাক শ্রমিকরা। পুলিশ বাধা দিলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ১৯ জন পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার রাজলক্ষ্মী এলাকায় পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান থানা এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা কসাইবাড়ী রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট, জসিমউদ্দীনের হলি ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন।
পরবর্তীতে সকাল ১১টার দিকে রাজলক্ষ্মী সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশ অবরোধের চেষ্টা করেন তারা। তখন পুলিশ বাধা দিলে পোশাক শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেন।
উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক রুহিনা আক্তার জানান, বিক্ষোভকারী শ্রমিকরা মহাসড়কে অবস্থানের চেষ্টা করেছিল।
তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। পরে তারা বিভিন্ন গলিতে অবস্থান নেয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স