ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-১০-২০২৬ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-১০-২০২৬ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে ফাইল ছবি
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে ৭৫৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। 

ঘরে বসে যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে প্রথমে টেলিটক অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে Advertisement, Instruction for Submitting Application এবং ৪১ ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত আবেদন ফরমের রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটনে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে। এরপর নির্দেশনা অনুযায়ী ফরমের প্রতিটি ঘরে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। যেসব ঘরে লাল তারকা চিহ্ন রয়েছে, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। আবেদন ফরমে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।

ফরম পূরণের সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পছন্দক্রম নির্ধারণ করতে হবে। প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শূন্য পদ থাকা সাপেক্ষে নিয়োগের জন্য মনোনীত করা হবে। তবে একবার আবেদন জমা দেয়ার পর প্রতিষ্ঠানের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে না। তাই আবেদন চূড়ান্ত করার আগে পছন্দক্রম ভালোভাবে যাচাই করে নেয়া প্রয়োজন। আবেদন শুরু হবে আগামীকাল রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে।

ছবি ও স্বাক্ষর আপলোড
আবেদন ফরম পূরণ সম্পন্ন হলে প্রিভিউ দেখা যাবে। প্রিভিউতে নির্ধারিত স্থানে নিজের রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল, ফাইলের ফরম্যাট জেপিজি এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। এ ক্ষেত্রে সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না। একইভাবে নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল, ফরম্যাট জেপিজি এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

ছবি ও স্বাক্ষর আপলোডসহ আবেদনপত্রের সব তথ্য পূরণ করার পর আবেদনকারীকে ঘোষণা দিতে হবে যে, ফরমে দেয়া সব তথ্য সঠিক ও সত্য। কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে, কোনো অযোগ্যতা ধরা পড়লে কিংবা অনিয়মের আশ্রয় নেয়া হলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হতে পারে। তাই আবেদন জমা দেয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি।

আবেদন সফলভাবে জমা হলে ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant’s Copy পাওয়া যাবে। আবেদনকারীকে কপিটি ডাউনলোড অথবা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। এতে একটি ইউজার আইডি থাকবে, যা পরবর্তী সময়ে প্রয়োজন হবে।

পরীক্ষার ফি পরিশোধ
আবেদন জমা দেয়ার পর পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এ জন্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএস পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা অনুযায়ী, নবম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা। প্রথম এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় ফির পরিমাণ ও পিন নম্বর জানানো হবে। এরপর দ্বিতীয় এসএমএস পাঠিয়ে ফি পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফি জমা সফল হলে ফিরতি এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে। পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হলে এ বিষয়ে টেলিটক ও পেট্রোবাংলার ওয়েবসাইটে জানানো হবে। পাশাপাশি প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও প্রবেশপত্র প্রকাশের তথ্য জানানো হবে।

অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হলে প্রার্থীরা নির্ধারিত যোগাযোগ নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। এ জন্য ০১৯২০৪০০০৪৫, ০১৬৭০৫১৮৬১৫ ও ০১৭১৭০০১৩১২ নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করা যাবে। ই-মেইলের মাধ্যমে সহায়তা পেতে যোগাযোগ করতে হবে vas.query@teletalk.com.bd ঠিকানায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ