ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মস্তিষ্কে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি—রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৩:৫৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:১৩:১১ অপরাহ্ন
মস্তিষ্কে বুলেট, শরীরে ৪৭টি ছররা গুলি—রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ​রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি : সংগৃহীত
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ-খবর নিলেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নজরে আসে প্রধানমন্ত্রীর। পরে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার খোঁজ-খবর নিতে নির্দেশ দেন তিনি। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্যবাড্ডায় বাজার গলি নামক স্থানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যান।

প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ। 

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দু’টি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তার ডান চোখের কোটরে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া– সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ