ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আধুনিকায়নে চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০২:৫১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৩:৩৫:১৫ অপরাহ্ন
বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আধুনিকায়নে চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা ছবি : সংগৃহীত
দেশের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন অবকাঠামো উন্নয়ন, জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে অর্থায়ন নিয়ে চায়না এক্সিম ব্যাংকের (সিইবি) সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ সরকার।

আলোচনায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের উন্নয়ন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রকল্প (জিটুজি) এবং ডিপিডিসি এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পে অর্থায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বিদ্যুৎ খাতের অন্যান্য প্রকল্পেও চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

বৈঠকে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হলো স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৬-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি ভবিষ্যৎ প্রকল্পগুলোতে অর্থায়ন দ্রুত করার জন্য ব্যাংকটির প্রতি আহ্বান জানান।

বিশেষ করে জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়ন, স্মার্ট গ্রিড নির্মাণ, পায়রা বিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের উন্নয়ন এবং ডিপিডিসির বিদ্যুৎ সঞ্চালন লাইন শক্তিশালী করার প্রকল্পে অর্থায়নের ওপর জোর দেন তিনি। পাশাপাশি বাংলাদেশে ব্যাংকটির অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শনে ওয়াং চুনইংকে আমন্ত্রণ জানান মন্ত্রী।

চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইং বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ব্যাংকটির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক শুল্ক ও কর হ্রাসের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

ওয়াং চুনইং বলেন, ভূমিতে স্থাপিত ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প, বায়ুশক্তি এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্পে অর্থায়ন ও কারিগরি দক্ষতা বিনিময়ে চায়না এক্সিম ব্যাংকের আগ্রহ রয়েছে।

বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করতে সহযোগিতা বাড়ানো এবং বিদ্যমান সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ