দুর্গাপূজায় কোস্ট গার্ডের সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন: ডিজি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১০-২০২৬ ১২:৩৭:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১০-২০২৬ ০১:৩৬:২৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান বলেছেন, শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছেন বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য।
তিনি আরো বলেন, উপকূলীয় এলাকাসহ মোট ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। এ সময় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথাও জানান তিনি।
মঈনুল হাসান বলেন, পূজা চলার সময় নৌদুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রয়েছে নিয়মিত টহল। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স