ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষিবিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:৫১:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:৫১:৪৫ অপরাহ্ন
​খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় কৃষিবিজ্ঞানীদের ভূমিকার প্রশংসা রাষ্ট্রপতির ​ছবি: সংগৃহীত
নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বারির প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার ও ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন। এ সময় তিনি বৃক্ষরোপণ করেন এবং বারির প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণার পরিধি আরও বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ উৎপাদিত ফসলের সঠিক সংরক্ষণ এবং দেশের কৃষিকে বিশ্ববাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। এ ছাড়া ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআই-এর অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ