সরকারি বাসা বরাদ্দে স্বচ্ছতা আনতে চালু হলো অনলাইন সেবা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতি বাড়াতে অনলাইন সেবা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল জানতে পারবেন। এতে ফলাফল জানার ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, দেশে সুশাসন, স্বচ্ছতা প্রতিষ্ঠা ও নাগরিক সেবা সহজীকরণ করা সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সরকারি বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে আবেদন জমা পড়ে ৫৯৬টি।
এসব আবেদন যাচাই-বাছাই করে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় বাতিল করা হয় ২৫৪টি আবেদন। এত দিন সরকারি বাসা বরাদ্দের কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। সেবা প্রদান আরও সহজ ও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর এ প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করেছে। অনলাইনে ফলাফল প্রকাশের ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই নিজেদের আবেদনের ফলাফল জানতে পারবেন। একই সঙ্গে বরাদ্দ কার্যক্রমে জবাবদিহি ও তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স