সৌদিগামী শত ফ্লাইট বাতিল, চরম দুশ্চিন্তায় ১৫ হাজার যাত্রী
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৫-১০-২০২৬ ০২:৪৮:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-১০-২০২৬ ০২:৪৮:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার পর নিরাপত্তার কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ১০০টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। গত শনিবার থেকে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত পাঁচ দিনে এসব ফ্লাইট বাতিল হওয়ায় ১৫ হাজার ৩৯৩ জন সৌদিগামী যাত্রী চরম দুশ্চিন্তায় পড়েছেন। এদের মধ্যে অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে এবং ভিসা ও আকামার মেয়াদ শেষের পথে থাকায় কর্মস্থলে ফেরা নিয়ে তারা বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বার্তায় জানায়, বাতিল হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ৭টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের সর্বোচ্চ ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজ ও সালাম এয়ারের ৭টি করে, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার দুটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিলের এই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদের কিং খালেদ ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সব ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি, ইউএস-বাংলা এয়ারলাইনস একই রুটে ২১ অক্টোবর পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী বিমানের জেদ্দা ও মদিনা রুটের নিয়মিত ফ্লাইটগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ জানান, স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের সার্বক্ষণিক তথ্য সরবরাহ করা হচ্ছে। যেসব যাত্রীর ভিসা বা আকামার মেয়াদ শেষ হওয়ার পথে, তাদের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স